বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাত ৮টার দিকে পুলিশের সহায়তায় সচিবালয়ে নিজ দফতর থেকে বেরিয়ে গেছেন।
জানা গেছে, এর আগে আন্দোলনকারী কর্মচারীদের নিজ দফতরে ডেকে আগামীকাল বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলকারী কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন এবং আজ রবিবারের মধ্যেই বাস্তবায়নের করতে হবে -এমন দাবিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। পরে অর্থ উপদেষ্টা পুলিশের সহায়তায় সচিবালয় ছেড়ে যান। এ সময় আন্দোলনকারী কর্মচারীরা কোনও বাধা দেননি বলে জানা গেছে।
এর আগে বেলা আড়াইটার পর থেকে সচিবালয়ে নিজ দফতরে তাকে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন।
জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার নিজ দফতরে অবরুদ্ধ করে রাখেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির বাংলা ট্রিবিউনকে বলেল, ‘সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাতার দাবি করে আসছিলেন। আজ তারা বলেছে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা ছাড়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না।’
জানা গেছে, রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করেননি। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিলেও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব বিষয় নিয়েই আজ অর্থ উপদেষ্টাকে নিজ দফতরে অবরুদ্ধ করেন তারা।
রিপোর্টারের নাম 

























