প্রথমবার শান্তি পুরস্কার চালু করেছে ফিফা। আর সেটা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ফিফা কর্তৃক সেই পুরস্কার প্রদান মোটেও বিতর্কমুক্ত থাকতে পারলো না। মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার অভিযোগ তুলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে নিরপেক্ষতার নীতি ভঙ্গ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এ অভিযোগ নিয়ে তারা ফিফার নৈতিকতা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে।
গত ৬ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ দেন ইনফান্তিনো।
সোমবার দায়ের করা অভিযোগে ফেয়ারস্কয়ার ফিফার প্রশাসনিক কাঠামোকে অযৌক্তিক বলেও উল্লেখ করেছে এবং দাবি করেছে সংস্থাটির আচরণ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।
ফেয়ারস্কয়ারের প্রোগ্রাম পরিচালক নিকোলাস ম্যাকগিহান বলেছেন, ‘এই অভিযোগ কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করার বিষয় নয়। বৃহত্তর প্রেক্ষাপটে এটি দেখায়, কীভাবে ফিফার অযৌক্তিক শাসনব্যবস্থা জিয়ান্নি ইনফান্তিনোকে সংস্থার নিয়ম অমান্য করে আচরণ করার সুযোগ দিয়েছে—যা বিপজ্জনক এবং বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থের সরাসরি বিরোধী।’
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কোনও ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্বকে শান্তি পুরস্কার দেওয়া ফিফার নিজের-ই নীতির ১৫ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন।
তারা নৈতিকতা কমিটিকে অনুরোধ করেছে, ফিফা শান্তি পুরস্কার তৈরির প্রক্রিয়া এবং তা ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্তে ইনফান্তিনোর ভূমিকা তদন্ত করতে।
এছাড়া সংস্থাটি তুলে ধরেছে, ইনফান্তিনো গত অক্টোবর মাসে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং আরও তিনটি পৃথক বক্তব্যে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের পক্ষে মন্তব্য করেছিলেন।
এএফপিকে এক প্রতিক্রিয়ায় ফিফা জানিয়েছে, তারা অভিযোগপত্র পেয়েছে এবং এ ব্যাপারে আর কোনও মন্তব্য করবে না।
রিপোর্টারের নাম 














