নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বিকাল চারটায় রেকর্ড করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জন্য জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের ভাষণ।
এসময় নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে তফসিল কখন ঘোষণা করা হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলেও জানান ইসি সচিব ।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জাতীয় নির্বাচন, গণভোট ও তফসিল নিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, আজকে বিকাল চারটার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত নির্বাচন কমিশনারদের সঙ্গে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন, এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। যখন আমি সিদ্ধান্তটা জানতে পারবো— আপনাদের সামনে এসে সেটা বলে যাবো। একটু অপেক্ষা করেন, হয়তো ঘণ্টাখানিক পরে বা দু ঘণ্টা পরে আমি আরেকটা আপডেট দিতে পারবো।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার যেসব সব বিষয়গুলো জানিয়েছেন— তার ভেতরে একটা হচ্ছে ভোটার তালিকা। এ বিষয়ে উনি বলেছেন যে, গত জানুয়ারি থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার হালনাগাদ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে সেটার সর্বশেষ অবস্থাও জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দুটো ভোট একইদিনে হওয়ায় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কিভাবে আমরা করবো, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। ব্যালট পেপার গুলোর রঙ কী হবে ও ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে— এসব বিষয়ে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন। একইসঙ্গে আমাদের মক ভোটিংয়ে কতটুকু সময় নিয়েছি এবং গণনার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে বিস্তারিত জানানোর পর উনি সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে আমাদের ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ও উনি সন্তোষ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে পোস্টাল ভোটিং বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, আউট অব কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়েছি। এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে, নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না।
রিপোর্টারের নাম 

























