শান্তিচুক্তির একমাসের মধ্যে আবারও ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর একটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।
তিনি সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাচ্ছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রিন রোডে অবস্থান নিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনও সঠিক সংখ্যা জানা যায়নি।
এদিকে সংঘর্ষের সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে ঝামেলা বা বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার করে’ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়।
রিপোর্টারের নাম 
























