পর পর তিনবার নিজের নির্বাচনি প্রচারণায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিব উল্লাহ খোকন।
সোমবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনস্থ ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। নির্বিঘ্নে ও বাধামুক্তভাবে প্রচার চালাতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সাবেক ছাত্রদল নেতা ও সুপ্রিম কোর্টের এই আইনজীবী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভিন্নধর্মী প্রচার-প্রচারণা চালাই। গণসংযোগের সময় আমার সঙ্গে কোনও কর্মীবাহিনী থাকে না। শুধু আমার স্ত্রী, একমাত্র কন্যা সন্তান ও ছোট ভাইকে নিয়ে ভোটারদের কাছে যাই। এটাও আমার প্রতিপক্ষরা সহ্য করতে পারছেন না। পর পর তিনবার আমার ওপর হামলা হয়েছে। গাড়িও ভাঙচুর করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমবার থানায় গেলে মামলাও নেয়নি। দ্বিতীয়বার হামলার পর মামলা নিলেও পুলিশ আসামি গ্রেফতার করছে না। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’
তিনি বলেন, ‘এর পরও আমি ভীত নই। আমি মাঠে যাবো। মানুষের কাছে ভোট চাইবো। আমি চাই নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন আমাকে নিরাপত্তা দেবে। আমি যেন নির্বিঘ্নে প্রচার চালাতে পারি, তারা সেই ব্যবস্থা নেবে।’
সংবাদ সম্মেলনে নিজের স্ত্রী, কন্যা সন্তান ও ছোট ভাইকে নিয়ে উপস্থিত হন তিনি।
রিপোর্টারের নাম 
























