বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯১ বারের মতো পেছালো আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়।
সোমবার (৮ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন করে আগামী ১৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। গত ৪ নভেম্বর এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। ওইদিন প্রতিবেদন জমা দিতে না পারায় আজকের জন্য প্রতিবেদন জমার নির্দেশ দেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম আলোচিত এই সাইবার হ্যাকিংয়ে দেশের ভেতরে থাকা একটি চক্র যুক্ত ছিল বলে ধারণা করা হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলা করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে।
পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেয়। এরপর থেকে সিআইডি তদন্ত কাজ পরিচালনা করছে। তবে প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 
























