ঢালিউডের অমর নায়ক সালমান শাহ এবং জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের মধ্যকার সম্পর্ক নিয়ে তিন দশক ধরে চলা নানা মুখরোচক গল্পের অবসান ঘটালেন সালমানের মা নীলা চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, সালমান ও শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং সালমান তাকে ছোট বোনের মতো স্নেহ করতেন এবং ‘পিচ্চি’ বলে সম্বোধন করতেন।
নীলা চৌধুরী জানান, সালমানের নিজের কোনো বোন না থাকায় তিনি শাবনূরকে আগলে রাখতেন এবং শাবনূরও বড় ভাইয়ের মতো সালমানের ওপর নির্ভর করতেন। তৎকালীন কিছু সংবাদমাধ্যম ও কায়েমি স্বার্থান্বেষী মহল তাদের পেশাদার ও পারিবারিক সুসম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করে প্রেমের গুজব ছড়িয়েছিল। এই অসত্য গুঞ্জন শাবনূরকেও তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক মানসিক যন্ত্রণার মুখে ফেলেছে।
১৯৯৬ সালে সালমানের রহস্যজনক মৃত্যুর পর থেকেই এই বিষয়টি বারবার আলোচনার এসেছে। তবে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে দেওয়া এই স্পষ্ট বক্তব্য দীর্ঘদিনের অমীমাংসিত বিতর্কের অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সালমান-শাবনূর জুটি ঢালিউড ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে আজও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
রিপোর্টারের নাম 

























