প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের উন্নয়ন দর্শনের অংশ হিসেবে দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১ হাজার কোটি টাকার একটি বিশাল তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের মাধ্যমে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে ঋণের পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে অনুদানের সুবিধাও থাকবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকারদের সংগঠন এবিবির এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে এবং বাকি ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে বিতরণ করা হবে। তরুণ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই মাত্র ৪ থেকে ৬ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন, যা প্রচলিত ব্যাংক ঋণের তুলনায় অনেক সাশ্রয়ী।
এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করলে ব্যাংকগুলো তাদের সিএসআর তহবিল থেকে সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে। তৃণমূল পর্যায়ে প্রকৃত মেধাবী ও পরিশ্রমী উদ্যোক্তাদের বাছাই করতে উপজেলা ভিত্তিক বিশেষ কমিটি গঠন করা হবে। এই উদ্যোগ দেশের বেকারত্ব দূরীকরণে এবং অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করতে মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















