এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। একই সঙ্গে সন্তানদের এই কঠিন সময়ে তাদের প্রতি সহানুভূতিশীল হতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক আবেগঘন পোস্টে মন্ত্রী বলেন, আজকের এই ফলাফলই কোনো শিক্ষার্থীর চূড়ান্ত পরিচয় নয়। এটি কেবল একটি নির্দিষ্ট দিনের কয়েক ঘণ্টার পরীক্ষার হিসাব মাত্র। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তোমাদের পরিশ্রম ও স্বপ্নের কোনো গাণিতিক নম্বর হয় না, তাই ভেঙে পড়ার কিছু নেই।
অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তান আজ হয়তো আপনার চোখের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। এই মুহূর্তে তাকে তিরস্কার না করে বরং পরম মমতায় আগলে রাখুন। ঘরটিকে তাদের জন্য বিচারালয় না বানিয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলুন। আপনার একটু ভালোবাসা তাদের পুনরায় ঘুরে দাঁড়াতে শক্তি জোগাবে।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়ল, তার কারণ খুঁজে বের করা আমাদের দায়িত্ব। অকৃতকার্য হওয়ার দায়ভার কেবল শিক্ষার্থীদের নয়, বরং আমাদের শিক্ষা ব্যবস্থারও। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















