মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটকে রাখে। পরবর্তীকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে ইছাখালী সীমান্তের মসজিদ পাড়ার কৃষক আব্দুল মান্নান (৭০) নিজের লিজ নেওয়া জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এই খবর এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সীমান্তে অবস্থানরত দুই ভারতীয় নাগরিক— সচিন কর্মকার ও নারায়ণ দেবকে আটকে ফেলে।
উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে ইছাখালী বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ এবং বিএসএফের পক্ষে নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার নেতৃত্ব দেন। দীর্ঘ আলোচনার পর দুপুর ২টার দিকে উভয় দেশের নাগরিকদের বিনিময় করা হয়।
বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
রিপোর্টারের নাম 





















