ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। মঙ্গলবার সকালে তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদের বিমানবন্দর ত্যাগ করেন। তেহরানে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ।
সফরকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান সংঘাত নিরসনে পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ প্রস্তাবনা পেশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত মাসে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি পাকিস্তান সফর করেছিলেন, যেখানে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। গত জুনেও কাতারকে সাথে নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ইরানের সাথে পশ্চিমা বিশ্বের দূরত্ব কমাতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে। এই সফর সেই ধারাবাহিক মধ্যস্থতা প্রক্রিয়ারই একটি অংশ।
রিপোর্টারের নাম 

























