আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য দলের দুই কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার রাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিলুপ্ত কমিটির স্থানে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. (অব.) আবদুল ওহাব মিনারকে রংপুর জেলা কমিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলকে রংপুর মহানগর কমিটি গঠনের জন্য। দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ আগস্ট অ্যাডভোকেট আব্দুর রউফকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্যসচিব করে ৫১ সদস্যের রংপুর জেলা আহ্বায়ক কমিটি এবং আব্দুল বাছেত মারজানকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্যসচিব করে ৪২ সদস্যের রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























