প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকারের তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। উপদেষ্টা বলেছেন, সাকিব আল হাসান একজন ভালো মানের খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’। সাকিব শেখ হাসিনার বিগত সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন উল্লেখ করে উপদেষ্টা জানান, তিনি দেশে এলে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেটি নেওয়া হবে।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাহেদ উর রহমান এসব কথা বলেন। সাকিবের সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, সাকিব এখনো শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত অবস্থান থেকে কথা বলছেন এবং তার বক্তব্য মূলত বর্তমান সরকারকে চাপে ফেলার একটি প্রচেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, “যে মানুষ শেখ হাসিনার বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখনো সেই অবস্থান বজায় রেখে কথা বলছেন, তার কত নাম, কত সুনাম আছে—এসব ফালতু কথা। আসলে তিনি সরকারকে কিছুটা চাপে ফেলতে চান।” তিনি জোর দিয়ে বলেন, “কেউ যদি দেশে আসেন, তাকে মামলা, আইন ও বিচারের মুখোমুখি হতে হবে। উনি কি মনে করেন যে বিমানবন্দরে নামলে লোকজন তাকে ঘিরে ধরবে বা কিছু করে ফেলবে? আমরা কেউ তা মনে করি না।”
ড. জাহেদ উর রহমান আরও যোগ করেন, সাকিব দেশে এলে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করবেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর আইনগত প্রক্রিয়া মেনে যদি তিনি আসেন, তবে কোনো সমস্যা তিনি দেখেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে উপদেষ্টা একসময় বলেছিলেন, “তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে।”
উপদেষ্টা কঠোর ভাষায় বলেন, “আমরা শেখ হাসিনার বিগত সরকারের মতো একটি মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। ভবিষ্যতেও হতে দেব না। এটা কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না—এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র।” তার এই মন্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 























