মধ্যপ্রাচ্যকে অনির্দিষ্টকাল ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। এই অঞ্চলের স্থিতিশীলতা এবং জনগণের ভবিষ্যতের জন্য সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য নির্ধারণের ওপর তিনি জোর দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ উল্লেখ করেন, আগামী দিনের ভিত্তি কোনো ‘দুর্বল ভিত্তি’ কিংবা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো ব্যবস্থার ওপর তৈরি করা যাবে না। তার মতে, সুস্পষ্ট ও অভিন্ন নিয়মের ভিত্তিতে টেকসই স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়াই হওয়া উচিত মূল লক্ষ্য।
দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং শান্তির যুক্তি’—এই নীতিগুলোকে অপরিহার্য ভিত্তি হিসেবেও তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গারগাশের এই মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টা এখনো অমীমাংসিত রয়েছে এবং উভয় পক্ষই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করে আসছে।
এ অবস্থায়, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় স্পষ্ট নিয়ম, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সমাধানের ওপর সংযুক্ত আরব আমিরাতের এই জ্যেষ্ঠ কূটনীতিকের গুরুত্বারোপ আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
রিপোর্টারের নাম 





















