যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের প্রায় ১০০ যাত্রীকে ইতোমধ্যে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় খাবার ও ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উক্ত ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থান করছে। উড়োজাহাজটি মেরামতের কাজ চলছে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিয়মিত যোগাযোগ রাখছে বলে তিনি জানান। উড়োজাহাজটির মেরামত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গলফের মাধ্যমে বাংলাদেশে পর্যটন বিকাশ এবং আন্তর্জাতিক বন্ধুত্ব বাড়ানোর বড় সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি বাড়াতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে। পরে তিনি এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
রিপোর্টারের নাম 



















