পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরাইলের বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গঠনের জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইসরাইলকে সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
খাজা আসিফ ইসরাইলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরাইলের জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে, ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড এবং তাদের ঐতিহাসিক আচরণের প্রেক্ষিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সেই সময়েও যুদ্ধ চলছিল এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। তাই আমার দৃষ্টিতে অন্তত এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো মুসলিম বিশ্বকে একত্র হয়ে এর মোকাবিলা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার মতে, এ বিষয়ে মতভেদের কোনো অবকাশ নেই। ফিলিস্তিনি জনগণের সমস্যা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে।’
খাজা আসিফ মনে করেন, ‘ইসরাইলি রাষ্ট্রের ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র ক্ষমতায় যেই আসুক না কেন, বদলাবে না। তারা এক মুসলিম দেশকে অন্যটির বিরুদ্ধে উস্কে দেওয়া অব্যাহত রাখবে।’
রিপোর্টারের নাম 






















