কক্সবাজারের উখিয়ায় দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর তাদের পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। নিখোঁজ শহিদুল ইসলাম (১৩) ও শফিকুল ইসলাম (১১) উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা শাহা আলমের ছেলে। তারা স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাই বাড়ি থেকে খেলতে বের হয় এবং এরপর আর ফিরে আসেনি। ব্যাপক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে একই দিন উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা শাহা আলম। প্রায় এক মাস ধরে নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ গত ৬ আগস্ট রাত ১১টা ৫৮ মিনিটের দিকে শাহা আলমের মোবাইল ফোনে একটি কল আসে, যেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজাদ জানিয়েছেন, নিখোঁজ দুই শিশুর বিষয়ে জিডি করা হয়েছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, দুই শিশু নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শিশু দুটিকে উদ্ধারের জন্য আইনগত ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























