জামালপুরের মেলান্দহে মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সোলায়মান ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না দল। এর আগে গত বুধবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া এলাকা থেকে তাকে মাদকসহ আটক করে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























