টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৫টার দিকে পাথালিয়া সড়কে। সেখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে আরোহী ইমন তালুকদার (১৭) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন নারান্দিয়া ইউনিয়নের করুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কস্তুরীপাড়া বাজারের কাছে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (২০) নামের আরেক তরুণ নিহত হন। তিনি আউলিয়াবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 




















