নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান। পুলিশ অস্ত্রটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেছে যে, এটি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার একটি পুকুরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ শর্টগানটি জালে আটকে যায়। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানার পুলিশের। অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, শর্টগানটি বিগত সরকার আমলের ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























