তুরস্ক গাজায় ইসরাইলি হামলায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলা আবারও প্রমাণ করেছে যে, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কোনো সদিচ্ছা নেই।
বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করা।’ এতে আরও উল্লেখ করা হয়েছে যে, নেতানিয়াহু এমন সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন, যা মধ্যপ্রাচ্যের নাজুক আঞ্চলিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে ব্যাহত করছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ‘নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ও সামরিক নীতির বিরুদ্ধে আরও দৃঢ়, ধারাবাহিক ও কার্যকর অবস্থান নেওয়া এখন সময়ের দাবি।’ একই সঙ্গে মানবিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।
এদিকে, বোর্ড অব পিসের প্রধান দূত নিকোলাই ম্লাদেনভ জানিয়েছেন, গত দুই দিনে গাজাজুড়ে ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং জরুরি চিকিৎসাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, রোববার ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশুও রয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 




















