বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ববিতা আজ জীবনের ৭৪তম বছরে পা রাখলেন। বিশেষ এই দিনটি উদযাপনে তিনি বর্তমানে কানাডার টরন্টোতে একমাত্র ছেলে অনিকের সঙ্গে অবস্থান করছেন। গত ২৪ জুলাই তিনি সেখানে পৌঁছান।
পারিবারিক আবহে জন্মদিন কাটিয়ে আগামীকালই তিনি টরন্টো থেকে যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ অংশগ্রহণের কথা রয়েছে তার। আগামী ২ আগস্ট এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ববিতাকে সম্মানজনক ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ বা আজীবন সম্মাননা পদকে ভূষিত করা হবে।
পুরস্কার প্রাপ্তি ও জীবনের এই পর্যায় নিয়ে ববিতা বলেন, ‘সিনেমাপ্রেমী মানুষের অবারিত ভালোবাসা এবং একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারাটাই আমার জীবনের বড় সার্থকতা। আমি ভালো আছি এবং আমার জীবন পূর্ণতায় ভরা। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় প্রযোজক, পরিচালক, সহশিল্পী এবং দর্শকদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
চলতি ২০২৬ সালটি ববিতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বছরই তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক ছাড়াও ‘হুজ হু’ এবং ‘মা পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়ানো এই অভিনেত্রী এখনো ভক্তদের হৃদয়ে অমলিন।
তার জন্মদিন উপলক্ষে সম্প্রতি ‘আওয়ার ড্রিম গার্ল’ শিরোনামে একটি বিশেষ গান প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় একঝাঁক তরুণ শিল্পী। ববিতা নিজেই এই গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 
























