ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়াল দিতে গিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শরিফুল ইসলাম রবি (৪০) নামে এক দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়াসংলগ্ন পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে। আহত রবি মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী হিসেবে কর্মরত আছেন। তিনি বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি সম্প্রতি একটি নতুন স্পিডবোট কিনেছেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় স্পিডবোটটি বিকল হয়ে পড়েছিল। সম্প্রতি একজন ইঞ্জিনিয়ার এনে এতে নতুন ইঞ্জিন স্থাপন করা হয়। শুক্রবার ভোরে নতুন ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করার জন্য স্পিডবোটটি নিয়ে তারা পদ্মা নদীতে নামেন।
এ সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী আচমকা স্পিডবোটটি লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে একটি গুলি রবির বাম হাতের পেশি ভেদ করে বুকের বাম পাশ দিয়ে বেরিয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন। আহত রবিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামও জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 



















