খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মানিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাচাথোয়াই মারমা, জেলা যুগ্ম সম্পাদক এড. আ. মালেক মিন্টু, মোশাররফ হোসেনসহ জেলা-উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় এনেছে। জনগণ যাতে কোনো কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাদের সুখ-দুঃখের কথা ভাবতে হবে। এই উপজেলায় গত ১৮ বছরে অনেক অপকর্ম হয়েছে, মানুষ সেসব কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল। আপনারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন বা আগের মতো আচরণ করেন, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ইতিমধ্যে এই জেলার উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে এবং তিনি খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
সম্মেলনে মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে সভাপতি এবং সদস্য সচিব মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট মানিকছড়ি উপজেলা বিএনপির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, দুই দফায় আওয়ামী লীগের বাধা ও হুমকির মুখে মানিকছড়িতে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করতে না পারায় জেলা সদরে ২০২২ সালের ২৫ নভেম্বর সর্বশেষ ১০১ সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর চলতি বছরের ৩০ জানুয়ারি সে কমিটি ভেঙে দিয়ে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
রিপোর্টারের নাম 



















