বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আম বাজার এবং পুঠিয়ার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি সড়কপথে পুঠিয়ায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রদূত পুঠিয়া রাজবাড়ি, গোবিন্দ মন্দির এবং রানিঘাটের স্থাপত্যশৈলী দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পর রাষ্ট্রদূত বানেশ্বর আম বাজারে যান। সেখানে তিনি ব্যানানা ম্যাংগো, ফজলি ও আশ্বিনীসহ বিভিন্ন জাতের আমের প্রদর্শনী দেখেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি বাংলাদেশের আমের স্বাদ ও বৈচিত্র্যের প্রশংসা করার পাশাপাশি এর আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখান।
স্থানীয়রা মনে করছেন, ফরাসি রাষ্ট্রদূতের এই সফরের ফলে রাজশাহীর আম এবং পুঠিয়ার পর্যটন শিল্প বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিতি পাবে। সফরের সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রতিনিধিদল এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি বিকেলের দিকে রাজশাহী মহানগরের উদ্দেশে যাত্রা করেন।
রিপোর্টারের নাম 

























