ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সমাজবাদী পার্টির (এসপি) প্রধান আখিলেশ যাদবের প্রতি জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, উত্তর প্রদেশে আবারো বিজেপি সরকার গঠন করুক, তা তিনি চান না এবং এজন্য তিনি হাত মেলাতে ও জোট করতে প্রস্তুত। এখনই আলোচনার সময়, নির্বাচন শেষ হওয়ার পর যেন আফসোস করতে না হয়।
২০২৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ভারতের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে উত্তর প্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি, যারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে ওয়াইসি একে অপরের ভোটে প্রভাব ফেলার পরিবর্তে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা বলেন, ওয়াইসি নির্বাচন করলে আপনাদের ক্ষতি হবে। আমি আপনাদের সঙ্গেই লড়তে প্রস্তুত।’
ওয়াইসি আরও দাবি করেন, এআইএমআইএম-এর লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সম্মান ও ন্যায়বিচারের জন্য। তারা বৈষম্য চান না, সমতা চান। তিনি বলেন, আখিলেশ যদি সামনে বসেন, তাহলে তিনি তার সামনে বসে অধিকার ও ন্যায়বিচার নিয়ে আলোচনা করবেন।
অন্যদিকে, বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ওয়াইসির এই প্রস্তাবকে ‘ভোটব্যাংকের রাজনীতির সহযোগিতা’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, সমাজবাদী পার্টি ও এআইএমআইএম উভয়ই ‘তুষ্টিকরণের রাজনীতি’ করে এবং আখিলেশ যাদব ও ওয়াইসি এতদিন কে বড় ‘ভাইজান’ হবেন, সেই প্রতিযোগিতায় ছিলেন। এখন তারা সেই প্রতিযোগিতা বাদ দিয়ে ‘ভাইজান সহযোগিতা’ করতে চাইছেন। পুনাওয়ালা আরো দাবি করেন, ওয়াইসি ও আখিলেশ যাদব একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
রিপোর্টারের নাম 

























