অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার কাপলান স্ট্রিটে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। বামপন্থি হাদাশ পার্টি ও তাদের সহযোগী সংগঠনগুলো এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভকারীরা পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ এবং ইহুদি বসতি স্থাপনকারীদের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানান। ‘মাদারস অ্যাগেইনস্ট ভায়োলেন্স’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুই শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করেছে। তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বিক্ষোভের অনুমতি ছিল না এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করে সড়ক অবরোধ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, নাবলুসের কাছে তাল শহরে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হন। স্থানীয় সূত্রমতে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার পরপরই ইসরায়েলি সরকার পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয়। ইসরায়েলি বাহিনী তাল শহরে অভিযান চালিয়ে প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে আটক করে এবং অসংখ্য বাড়িতে তল্লাশি চালায়। ফিলিস্তিনি বন্দি সংগঠন এই ঘটনাকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ মন্তব্য করেছেন, তাল শহরের ঘটনার ভিডিও প্রকাশের পর ইসরায়েলি সমাজে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। তার মতে, এই ঘটনা ইসরায়েলের উদারপন্থি মহলের মধ্যে প্রতিবাদের মনোভাবকে আরও জোরালো করতে পারে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত এক হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজারেরও বেশি আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।
রিপোর্টারের নাম 
























