চট্টগ্রামের পটিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে পটিয়া থানার এয়াকুবদণ্ডী গ্রামের প্রবাসী আলী আব্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে একটি কক্ষে আটকে রেখে পুরো বাড়িতে লুটপাট চালায়। তারা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আলী আব্বাস।
ভুক্তভোগী আলী আব্বাস জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা তাদের জিম্মি করে লুটপাট চালায়। তিনি আরও জানান, ডাকাতি শেষে ডাকাতদল একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া করলে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, সকালে খবর পেয়ে পটিয়া থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এয়াকুবদণ্ডী গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ডাকাতদলের গুলি ছোড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাকাতরা গুলি ছুড়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ঘটনাস্থল থেকে এ ধরনের কোনো আলামত পাইনি।
রিপোর্টারের নাম 






















