বগুড়া সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনের দিনে প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখানোর অভিযোগে মাসুদ পারভেজ রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বগুড়া জেলা পুলিশ নড়েচড়ে বসে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলীর নেতৃত্বে সদর থানা এসআই আবু জাফর ও ডিবি পুলিশের সদস্যরা শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর তার দেখানো মতে নাটাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, দলিল লেখক সমিতির নির্বাচনে অংশ নিয়েছিল রনি। সে তার পক্ষে ভোট বাড়াতে অস্ত্র দিয়ে মহড়া দিয়ে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। তাকে অস্ত্রসহ শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















