চাঁদপুরের হাইমচরে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভিঙ্গুলিয়া এলাকার একটি মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন ভিঙ্গুলিয়া গ্রামের নাজমুল হোসেন বাবু গাজী (৩০) এবং রাফি গাজী (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপপরিদর্শক সমীর দাস এবং পুলিশ পরিদর্শক সৌরভ দাশের নেতৃত্বে একটি দল গত ২৪ জুলাই সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১ নম্বর আসামি নাজমুল হোসেন বাবু গাজী দীর্ঘদিন ধরে বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা মান্নান শেখের পথরোধ করে চাঁদার টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় তারা রামদা, লোহার পাইপ ও ছেনি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মান্নান শেখসহ চারজনকে গুরুতর আহত করে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
হাইনচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























