লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবা এবং দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই অসন্তোষ ব্যক্ত করেন। মন্ত্রী অভিযোগ করেন যে, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে কাজ করছেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংস্কার, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের মতো জরুরি কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। তিনি বলেন, এসবের কোনো দৃশ্য তার চোখে পড়েনি।
পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, মাত্র এক মাসের মধ্যে চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হয়েছে এবং আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হবে। তিনি আরও জানান, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, রেললাইন স্থাপনের বিষয়টি অচিরেই বাস্তবে রূপ নেবে। এছাড়া, নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন সম্পন্ন হয়েছে এবং জেলাবাসী শীঘ্রই একটি বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ।
রিপোর্টারের নাম 



















