মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার প্রভাবে পর্যটন খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে দুবাই। এই সংকট কাটিয়ে উঠতে এবং আন্তর্জাতিক পর্যটকদের পুনরায় আকৃষ্ট করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে দুবাই সরকার। এখন থেকে দুবাইয়ের কোনো বাসিন্দা যদি তাদের বিদেশি বন্ধু বা আত্মীয়দের শহরটি ভ্রমণে উৎসাহিত করতে পারেন, তবে তাদের ৩ হাজার সংযুক্ত আরব আমিরাত দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ হাজার টাকা) সমমূল্যের বিশেষ পুরস্কার দেওয়া হবে।
‘দুবাই ইনভাইট’ নামক এই প্রকল্পের আওতায় মনোনীত অতিথিরা দুবাই সফর করলে আমন্ত্রকারী বাসিন্দা বিনামূল্যে বিলাসবহুল হোটেলে থাকা, নামী রেস্তোরাঁয় ডাইনিং এবং বিভিন্ন দর্শনীয় স্থানের টিকিটসহ আকর্ষণীয় ‘বেনিফিট প্যাকেজ’ পাবেন। তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মেনে চলতে হবে। পর্যটকদের অবশ্যই আগামী ৩১ অক্টোবরের মধ্যে দুবাই পৌঁছাতে হবে এবং তাদের বৈধ পর্যটন ভিসাধারী অ-আমিরাতি নাগরিক হতে হবে। একজন বাসিন্দা সর্বোচ্চ তিনটি প্যাকেজ পাওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তজনা এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দুবাইয়ের পর্যটন খাতে মন্দা দেখা দিয়েছে। অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট কমিয়ে দেওয়ায় এবং আকাশপথ অনিরাপদ মনে করায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করে দুবাইয়ের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতেই এই বিশাল অঙ্কের প্রণোদনা ঘোষণা করেছে দেশটির পর্যটন বিভাগ।
রিপোর্টারের নাম 

























