চট্টগ্রামের সীতাকুণ্ড, যা একসময় শিল্পাঞ্চল ও জাহাজভাঙা শিল্পের জন্য পরিচিত ছিল, বর্তমানে প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং ধর্মীয় পর্যটনের এক সম্ভাবনাময় গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে। চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্রসৈকত, খৈয়াছড়া ঝরনা এবং সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক—প্রতিটি পর্যটন স্পটেই বছরজুড়ে দর্শনার্থীর আনাগোনা বাড়ছে। পর্যটকদের আগমনে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি এসেছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, এই সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সংকট, যোগাযোগ সমস্যা, পরিবেশগত ঝুঁকি এবং পর্যটন ব্যবস্থাপনার সীমাবদ্ধতাও বাড়ছে।
চট্টগ্রাম মহানগর থেকে অল্প দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের পাশে অবস্থিত হওয়ায় সীতাকুণ্ড দেশের অন্যান্য পর্যটন এলাকার তুলনায় একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। এখানে একই দিনে পাহাড়ে ট্রেকিং, সমুদ্রের সৌন্দর্য উপভোগ, ঝরনার শীতল জলধারায় প্রকৃতির সান্নিধ্য লাভ এবং ঐতিহাসিক ধর্মীয় স্থান পরিদর্শনের সুযোগ রয়েছে।
সীতাকুণ্ডের অন্যতম প্রধান আকর্ষণ চন্দ্রনাথ পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির অবস্থিত। প্রতিবছর শিব চতুর্দশী উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী এখানে আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কারণ। পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর, সন্দ্বীপ চ্যানেল এবং বিস্তীর্ণ সবুজ প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে।
সীতাকুণ্ডের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে গুলিয়াখালী সমুদ্রসৈকত। কেওড়াবনে ঘেরা এই সৈকতের সবুজ চর, জোয়ার-ভাটার বৈচিত্র্য এবং নিরিবিলি পরিবেশ একে দেশের প্রচলিত সমুদ্রসৈকতগুলোর থেকে ভিন্ন বৈশিষ্ট্য দিয়েছে।
পর্যটন বিস্তারের সঙ্গে সঙ্গে সীতাকুণ্ডের অর্থনৈতিক চিত্রেও পরিবর্তন আসছে। পর্যটকদের নিরাপত্তা ও তথ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পর্যটন ট্রেইলের প্রবেশমুখে ডিজিটাল তথ্যবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে কয়েকটি এলাকায় ওয়াশরুম নির্মাণ, সড়ক ও সেতু সংস্কার এবং মৌলিক সুযোগ-সুবিধা উন্নয়নে কাজ করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, প্রাকৃতিক বৈচিত্র্য ও নান্দনিক সৌন্দর্যের কারণে সীতাকুণ্ড দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে এবং প্রতিদিন পর্যটকদের ভিড় বাড়ছে।
রিপোর্টারের নাম 

























