চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রকৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ সমন্বয়ে দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে পরিণত হচ্ছে। এখানে রয়েছে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্রসৈকত, খৈয়াছড়া জলপ্রপাতসহ অসংখ্য পাহাড়ি ঝরনা, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। সারা বছর ধরে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকের আনাগোনা এখানকার পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করেছে।
পর্যটকদের আগমনে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। নতুন নতুন ব্যবসা গড়ে উঠছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং সেবার মানোন্নয়ন এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপে বিকশিত করার পথে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সীতাকুণ্ডের প্রধান আকর্ষণগুলোর মধ্যে চন্দ্রনাথ পাহাড় অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় রয়েছে ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির। প্রতি বছর শিবচতুর্দশী উপলক্ষে এখানে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর, সন্দ্বীপ চ্যানেল এবং চারপাশের সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।
এই আকর্ষণের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে গুলিয়াখালী সমুদ্রসৈকত। কেওড়াবনে ঘেরা এই সৈকত তার সবুজ চর, জোয়ার-ভাটার বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশের অন্যান্য সমুদ্রসৈকত থেকে আলাদা। এছাড়া, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব এবং সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কও পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বর্ষা মৌসুমে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, কমলদহ, সহস্রধারা ও সুপ্তধারা জলপ্রপাতগুলো নতুন প্রাণ ফিরে পায়। প্রতিদিন প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমীরা এসব স্থানে ভিড় করেন। বিশেষ করে, খৈয়াছড়া জলপ্রপাতের বহুধাপবিশিষ্ট জলধারা, দুর্গম ট্রেইল, পাথুরে ঝিরিপথ এবং ঘন অরণ্যের পরিবেশ তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
পর্যটন শিল্পের প্রসারের ফলে সীতাকুণ্ডের অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন, স্থানীয় খাদ্য ব্যবসা, পর্যটন সামগ্রী বিক্রি এবং ট্যুর গাইড সেবাকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অনেক তরুণ প্রশিক্ষণ নিয়ে পর্যটন গাইড হিসেবে কাজ করছেন এবং ক্ষুদ্র উদ্যোক্তারাও পর্যটকদের চাহিদা মেটাতে নতুন নতুন ব্যবসা শুরু করেছেন। পর্যটকদের নিরাপত্তা ও তথ্যসেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























