জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত সোমবার দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষের) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের নবীন ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) জড়ো করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অশালীন আচরণ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এ ধরনের আচরণকে র্যাগিং হিসেবে বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: মওলানা ভাসানী হলের মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের মো. মাহমুদুল হাসান খান আকিব; শহীদ রফিক-জব্বার হলের মো. মাহমুদুল আমিন সিয়াম; এবং শহীদ সালাম-বরকত হলের মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তারা প্রত্যেকেই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সাময়িক বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসে টিজিং, র্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
রিপোর্টারের নাম 

























