পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল এবং তার সহযোগী বশির উদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাসেল পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের বড় ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন রাসেল ও তার সহযোগীরা। তাদের ক্ষমতার দাপটে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা চরম হয়রানির শিকার হতেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাদের পাবনা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রিপোর্টারের নাম 























