বাংলাদেশে একটি গুণগত মানসম্পন্ন আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, শুধু ডাক্তার নয়, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও মানসম্পন্ন জনবল তৈরি করতে হবে।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভাটি বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, সারাদেশ থেকে রোগীরা অনেক আশা নিয়ে এই হাসপাতালে আসেন, যখন অন্য কোথাও চিকিৎসা না পান। তিনি প্রত্যাশা করেন, এই বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হবে, যেখানে রোগীকে এভারকেয়ার বা ইউনাইটেডের মতো বেসরকারি হাসপাতালে পাঠানোর কথা না বলে গর্ব করে বলা যাবে, ‘রোগীকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠান।’ এমন অবস্থান তৈরি হলে তা হবে জাতির জন্য গর্বের বিষয়।
বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি সংবিধান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য বিশিষ্টজন বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























