বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে উজিরপুর মডেল থানাও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছে।
সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এই মূল্যায়ন সম্পন্ন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাত মাস আগে উজিরপুর মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মো. রকিবুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন। এ নিয়ে মাত্র সাত মাসের মধ্যে তিনি পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। একই সময়ে উজিরপুর মডেল থানাও পাঁচবার জেলার সেরা থানার স্বীকৃতি পেয়েছে, যা তাদের কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পুরস্কার গ্রহণের পর ওসি মো. রকিবুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি উজিরপুর মডেল থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা এবং উজিরপুরবাসীর সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে। এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া ও অপরাধমুক্ত উজিরপুর গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশের কর্মকর্তারা মনে করেন, উজিরপুর মডেল থানার এই ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 
























