জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তারা জনগণের কাছে এসেছেন। তার লক্ষ্য এমন একটি দেশ, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।
মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তরুণ ছাত্র-জনতার রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে, তাই নতুন বাংলাদেশে এর কোনো স্থান হবে না। দেশ গঠনে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি জনগণের সহযোগিতা প্রত্যাশা করে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তাদের ভুল হতে পারে এবং জনগণ যেন সেই ভুল ধরিয়ে দেয়। বর্তমানে সংসদে এনসিপি’র ছয়জন সদস্য জনগণের কথা তুলে ধরছেন এবং ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চান।
বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিলেও তা কার্যকর করা হচ্ছে না। দ্রুত সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করা উচিত। শেখ পরিবারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
পথসভা থেকে হাসনাত আব্দুল্লাহ চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দেন এবং আসন্ন উপজেলা নির্বাচনে তার জন্য ভোট চান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।
চিতলমারী উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু। এছাড়া, এনসিপি’র কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 























