জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নায়ক হিসেবে সিয়াম আহমেদের নাম নিয়ে জোর গুঞ্জন চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো অভিনয়শিল্পীর নাম ঘোষণা করা হয়নি, তবে নির্মাতা রাজীব নিজেই জানিয়েছেন, সিয়ামের সঙ্গে আলোচনা বেশ এগিয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আদনান আল রাজীব বলেন, ‘আমরা বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে সিয়াম আহমেদও আছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা হলেও, এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’
নির্মাতা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ‘কাছে আসার গল্প’ এর মতো ভালোবাসার নাটক নির্মাণ করলেও, একটি ভিন্নধর্মী প্রেমের গল্পের জন্য তিনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। রাজীবের ভাষ্যমতে, ‘অনেক বছর ধরে নিজের মতো করে একটি প্রেমের গল্প খুঁজেছি। গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি, কেটেছি, আবার লিখেছি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে।’
সিনেমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আদনান বলেন, ‘এখন সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। একাধিক ড্রাফট তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সংশোধন চলছে। এছাড়া শিল্পী বাছাইয়ের কাজও এগিয়ে চলেছে।’
উল্লেখ্য, সম্প্রতি সিয়ামকে ‘জংলি’ ও ‘রাক্ষস’ সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গিয়েছিল। তার নাম চূড়ান্ত হলে আদনানের প্রথম সিনেমায় তাকে সম্পূর্ণ ভিন্ন, রোমান্টিক নায়কের ভূমিকায় দেখা যাবে। নায়িকা প্রসঙ্গে আদনান জানান, তার খোঁজ চলছে এবং চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এ বছরের শেষের দিকেই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
আদনান আল রাজীবের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান উৎসবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এবার তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি আগামী বছর সরাসরি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।
রিপোর্টারের নাম 

























