এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি দর্শককে বহু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তবে অভিনয় জীবনের শুরুতে তিনি রেশমী মিত্র অভিনীত ‘হঠাৎ দেখা’ সিনেমাতে অভিনয় করলেও এরপর আর তাকে কখনো বড় পর্দায় দেখা যায়নি।
হিমি মূলত নাটকে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সিনেমাতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী আমার নাটকে অভিনয় করতেই খুব বেশি ভালো লাগে। সিনেমাতে অভিনয় করার জন্য যে গভীর একটা অনুভূতি বা আবেগ বা ভালোবাসা বা আগ্রহ যাই বলি না কেন সেটা আমার মধ্যে কাজ করে না। যে কারণে সিনেমাতে কাজ করার ইচ্ছে নেই।’
এই অভিনেত্রী আরও মনে করেন, ‘এই মুহূর্তে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি।’ তিনি বলেন, ‘এখন তো আসলে আমাদের দেশে সিনেমা শুধু ঈদকেন্দ্রিক হয়ে গেছে। তাও আবার অনেকটা সেই লেভেলের সিনেমা হতে হয়। বিরাট বাজেট, সুন্দর গল্প ছাড়াও আরো অনেক কিছুই সংশ্লিষ্ট। তো এতো কিছু ভাবার চেয়ে নাটক নিয়েই আমি বেশ ভালো আছি, দর্শক ভীষণ ভালোবাসেন আমাকে। আমিও তাদের মনের মতো গল্পের নাটক উপহার দিতে পারছি— এটাই একজন অভিনেত্রী হিসেবে আমার অনেক ভালো লাগার।’
এদিকে ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে সম্প্রতি মুগ্ধতা ছড়িয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’— যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























