নরসিংদীর সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে লালন এবং দেশীয় সংস্কৃতিকে বিকশিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বিদেশি সংস্কৃতি পরিহার করে দেশীয় কৃষ্টি-কালচারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, একটি জাতির উন্নতি অনেকটাই নির্ভর করে তার সংস্কৃতির অগ্রগতির ওপর।
সোমবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ এবং ২০২৫-২৬ অর্থবছরে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির বেহাল দশা ও নোংরা পরিবেশ দেখে খায়রুল কবির খোকন ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার লুটপাটে ব্যস্ত ছিল। তারা দেশের সংস্কারে বা জনগণের কল্যাণে কোনো কাজ করেনি, কারণ তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না। এই চমৎকার অডিটোরিয়ামটির সংস্কার হলে একটি সুন্দর পরিবেশ তৈরি হতো। প্রয়োজনীয় সংস্কার করে এটাকে দৃষ্টিনন্দন করা দরকার ছিল।’
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই সাংস্কৃতিক ও অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।
অনুষ্ঠানে জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মাঝে ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা এবং ৮টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে ৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 

























