গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল বুধবার কুড়িগ্রামে ‘জুলাই পদযাত্রা’ আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা।
জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল বিকেল ৩টায় ‘জুলাই পদযাত্রায়’ যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা কুড়িগ্রামে আসবেন। এদের মধ্যে রয়েছেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন-এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু-এমপি।
এই পদযাত্রাটি কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হবে। কর্মসূচিকে সফল করার জন্য কুড়িগ্রাম জেলা জুড়ে ইতিমধ্যেই মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং মোটরসাইকেল শোভাযাত্রাসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা এনসিপি সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলসহ অন্যান্য জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























