ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে একটি ট্রাক ডিপো থেকে বেরিয়ে আসা বেপরোয়া ট্রাকের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে একটি ট্রাক ডিপো থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া অটোরিকশাচালকসহ তিনজন নারী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জন নারীকে মৃত ঘোষণা করেন। অপর আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























