লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে উপজেলার দইখাওয়া মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১৮ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্ধা বাজারে জামায়াত নেতা আফাছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আশরাফ উদ্দিনকে জনতা অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করলেও কোনো আইনি পদক্ষেপ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়। ওসির এই ‘পক্ষপাতমূলক’ আচরণের প্রতিবাদেই রাজপথে নামেন জামায়াত কর্মীরা।
উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম বলেন, জামায়াত নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্তকে আটকের পর ওসি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তিনি রাতের আঁধারে তাকে ছেড়ে দিয়ে চরম অবিচার করেছেন। আমরা অবিলম্বে ওসির অপসারণ দাবি করছি। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























