প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাধারণ ডিভাইসগুলোও নতুন রূপে আবির্ভূত হচ্ছে। একসময় যা কেবল দৃষ্টিশক্তি ঠিক রাখার বা রোদ থেকে চোখ বাঁচানোর সাধারণ চশমা ছিল, তা এখন ধীরে ধীরে একটি পরিধানযোগ্য কম্পিউটারে পরিণত হচ্ছে। আধুনিক স্মার্ট চশমা চোখে পরেই ছবি তোলা, ফোন কল করা, গান শোনা, ভিডিও রেকর্ড করা, ভাষা অনুবাদ করা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে কথোপকথনের মতো সুবিধা দিচ্ছে। এই পরিবর্তন প্রযুক্তি বিশ্বে একটি নতুন প্রশ্ন তুলেছেÑস্মার্টফোনের পরবর্তী প্রধান ডিভাইস কি হতে যাচ্ছে স্মার্ট চশমা?
বিগত দশকে স্মার্টওয়াচের জনপ্রিয়তা বৃদ্ধির পর থেকেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজর স্মার্ট চশমার দিকে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো এমন ডিভাইস তৈরি করছে যা দেখতে সাধারণ চশমার মতোই, কিন্তু এর ভেতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি – ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, বিভিন্ন সেন্সর, ব্লুটুথ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অগমেন্টেড রিয়েলিটি (AR) প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারীরা পকেট থেকে ফোন বের না করেই অনেক ডিজিটাল কাজ সম্পন্ন করতে পারছেন।
স্মার্ট চশমার অন্যতম প্রধান সুবিধা হলো হ্যান্ডস-ফ্রি কম্পিউটিং। ব্যবহারকারী যেকোনো কাজ করার সময় বা চলাচলের সময়ও চশমাকে voice command-এর মাধ্যমে বিভিন্ন নির্দেশ দিতে পারেন। যেমন, ‘আজকের আবহাওয়া বলো’, ‘মাকে ফোন করো’ বা ‘এই লেখাটি বাংলায় অনুবাদ করো’ – এমন নির্দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে প্রতিক্রিয়া জানাতে পারে। কিছু উন্নত স্মার্ট চশমা ব্যবহারকারীর সামনে প্রয়োজনীয় তথ্যও প্রদর্শন করতে পারে, যা কাজের গতি ও সুবিধা দুটোই বৃদ্ধি করে।
ভাষা অনুবাদের ক্ষেত্রেও স্মার্ট চশমা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পর্যটকদের জন্য এটি বিশেষ সহায়ক হতে পারে, যেখানে তারা ভিন্ন ভাষায় কথোপকথন শুনে তাৎক্ষণিকভাবে নিজের ভাষায় অনুবাদ পেয়ে বুঝতে পারবেন। আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ বড় পরিবর্তন আনতে পারে।
কনটেন্ট নির্মাতাদের জন্যও স্মার্ট চশমা একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রথম-ব্যক্তির দৃষ্টিকোণ থেকে ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং বা ছবি তোলার মতো কাজগুলো এখন অনেক সহজ হয়ে গেছে। আলাদা ক্যামেরা বহন না করেই ব্যবহারকারী যা দেখছেন, তা-ই ধারণ করা সম্ভব। এর ফলে সাংবাদিকতা, ভ্রমণ বিষয়ক ভিডিও তৈরি, খেলাধুলা এবং নিরাপত্তা পর্যবেক্ষণের ক্ষেত্রেও এর ব্যবহার ক্রমশ বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন স্মার্ট চশমাকে আরও শক্তিশালী ও বুদ্ধিমান করে তুলছে, যা আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ব্যবহারকারীকে প্রাসঙ্গিক তথ্য প্রদান করতে সক্ষম।
রিপোর্টারের নাম 

























