রাজধানীর শনির আখড়ায় জমে থাকা বৃষ্টির পানির মধ্যে বৈদ্যুতিক মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক (অ্যাডিশনাল ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাতে কদমতলী থানাধীন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে বাসার নিচতলায় বৃষ্টির পানিতে ডুবে থাকা মোটরটি পরীক্ষা করতে যান রেজাউল করিম। এসময় মোটরটি সচল থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানান, বৃষ্টির কারণে জমে থাকা পানি সরাতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।
রিপোর্টারের নাম 

























