মাদারীপুরের শিবচর উপজেলায় প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাচ্চর গোলচত্বরে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায়।
সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাচ্চর গোলচত্বর অতিক্রম করার সময় তিনি গাড়ি থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় জাতীয় ও দলীয় পতাকা হাতে থাকা নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে পুরো এলাকা এবং উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।
দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সকাল থেকেই পাচ্চর গোলচত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের আহ্বানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ অবস্থান গ্রহণ করেন। কর্মসূচিকে সফল করতে দায়িত্বশীল নেতারা সার্বক্ষণিক তদারকি করেন এবং সাধারণ জনগণকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।
মাদারীপুর জেলা বিএনপির নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানাকে নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুরো এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়। গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা হয়। পোশাকধারী ও সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়। নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো সফরপথে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।
রিপোর্টারের নাম 























