চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, ‘আপনারা একা নন, পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে।’ রোববার বিকেলে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে হাজারো বানভাসি মানুষের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণকালে তিনি এই কথা বলেন।
পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তার ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়। সরকারি অর্থায়নে নয়, বরং নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের কথা উল্লেখ করেন পুলিশ সুপার। তিনি জানান, বাঁশখালী ছাড়াও সাতকানিয়াসহ অন্যান্য বন্যা কবলিত এলাকায়ও তাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
মাসুদ আলম আরও বলেন, ‘আপনারা সাময়িকভাবে পানিবন্দী হয়েছেন, দুর্দশাগ্রস্ত হয়েছেন। কিন্তু আপনাদের কেউ ছেড়ে যাবে না, সবাই আপনাদের পাশে আছে।’ এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিকও বন্যাদুর্গতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ রাসেল পিপিএম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























