মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় টানা কয়েক দিনের বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। বাড়ির আঙিনা ছাড়িয়ে পানি বসতঘরের ভেতরে ঢুকে পড়ায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই চারদিকে বিভিন্ন স্থাপনা ও সড়ক নির্মাণ করার ফলে বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। বছরের দীর্ঘ সময় তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয়। নোংরা পানিতে চলাচলের কারণে শিশু ও বৃদ্ধরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া জলাবদ্ধতার কারণে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, জলাবদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত এলাকাটি পরিদর্শন করে পানি নিষ্কাশনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























